ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানোর সুবিধা আনল রিজার্ভ ব্যাঙ্ক

ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও এবার থেকে সাধারণ মানুষ টাকা লেনদেনের সুবিধা পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে এই পরিষেবা চালু করা হচ্ছে। অনুমোদিত পেমেন্ট সিস্টেম অপারেটরদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। এর ফলে যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারাও নির্দিষ্ট নিয়মে নগদ টাকা আদান-প্রদান করতে পারবেন।

ক্যাশ পে-ইন পরিষেবার মাধ্যমে যে কেউ ব্যাঙ্কের শাখায় গিয়ে এনইএফটি (NEFT) ব্যবহার করে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। এই পদ্ধতিতে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব। অন্যদিকে, ক্যাশ পে-আউট সার্ভিসের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টহীন ব্যক্তিরা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্টের সাহায্যে নগদ টাকা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা তোলার সীমা নির্ধারণ করা হয়েছে।

এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা বা বিজনেস করেসপন্ডেন্টের কাছে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আরবিআই-এর কেওয়াইসি (KYC) নিয়ম মেনে একটি ভেরিফায়েড মোবাইল নম্বর এবং স্ব-প্রত্যয়িত বৈধ নথিপত্র জমা দিতে হবে। লেনদেনের সময় সুবিধাভোগীর নাম ও ঠিকানার সঠিক তথ্য ব্যাঙ্কগুলিকে সংরক্ষণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের নিজ নিজ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *