রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বিস্ফোরণে মৃত্যু যুবকের
গত মঙ্গলবার রাতে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন রাজেন্দ্র নামের এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে রাম নামের এক ব্যক্তি রাজেন্দ্রর বাড়িতে এসে তাকে একটি দেশি বোমা দেয়। ঘরের ভেতর পর্যাপ্ত আলো না থাকায় রাজেন্দ্র সেটিকে মিষ্টি ভেবে ভুল করে কামড় বসান। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে গুরুতর জখম হন ওই যুবক। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী সুশীলা বাইয়ের দাবি, বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে ওই দেশি বোমাটি তৈরি করা হয়েছিল। ঘটনার খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তদন্তে নেমে রাম এবং আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জেরায় রাম পুলিশকে জানিয়েছে যে, এক কিশোর তাকে ওই বোমাটি দিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার নেপথ্যে কোনো পুরনো শত্রুতা বা গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জেরা করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গিয়েছে।