ডিজেলের দাম নিয়ন্ত্রণে ভর্তুকির বোঝা বইছে সরকার, দাবি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছালেও ভারতে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেলেও ভারতে তা সীমিত রাখা হয়েছে। সরকার ডিজেলের দাম লিটারপ্রতি মাত্র সাত টাকা বাড়িয়েছে এবং বাকি প্রায় ৪৩ টাকার বোঝা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান বহন করতে হচ্ছে।

কৃষি খাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে ৫০ কেজি ডিএপি সারের দাম প্রায় ৫,০০০ টাকা হলেও ভারতীয় কৃষকদের তা মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে। গত ১২ বছরে কৃষকদের সুলভ মূল্যে সার সরবরাহ করতে সরকারের মোট ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, স্বাধীনতার পর গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি বড় দিক।

দেশের দারিদ্র্য বিমোচন নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। বিশ্বব্যাংকের একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে দেশের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক সংকট ও যুদ্ধের আবহেও দেশের অর্থনীতি ও কৃষি খাতকে সুরক্ষিত রাখতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা এই পরিসংখ্যানের মাধ্যমেই স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *