পঞ্জাবে কি ফের জোট বাঁধছে বিজেপি ও আকালি দল? অমিত শাহ-সুখবীর বাদলের বৈঠক ঘিরে জল্পনা
পঞ্জাবের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। যদিও বৈঠকের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে এই সাক্ষাতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মূলত রাজ্যের ১১৭টি বিধানসভা আসনে আসন সমঝোতা এবং জোটের রূপরেখা নিয়ে দুই দলের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।
আগামী সাত থেকে আট দিনের মধ্যে জোটের চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে উভয় শিবির। তবে প্রাথমিক পর্যায়ে আসন ভাগাভাগির বিষয়টি গোপন রাখতে চাইছে দুই দলই। এর আগে গত অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুখবীর বাদলের বৈঠক এবং পরবর্তীতে অমিত শাহের মন্তব্য পঞ্জাবে এনডিএ সরকার গঠনের সম্ভাবনাকে জোরালো করেছে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক নেতাও এই দুই প্রাক্তন জোটসঙ্গীকে ফের একজোট করার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে, সুখবীর সিং বাদল ইতিমধ্যেই কংগ্রেস এবং আম আদমি পার্টির সঙ্গে জোট গড়ার সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, এই দুই দল পঞ্জাবের স্বার্থের পরিপন্থী। তিনি স্পষ্ট করেছেন যে, শুধুমাত্র সমমনস্ক দলের সঙ্গেই তারা কাজ করতে আগ্রহী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুখবীর বাদলের এই অবস্থান বিজেপির সঙ্গে পুরোনো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার ইঙ্গিতবাহী। এখন শাহ-বাদল সম্ভাব্য এই বৈঠকের পর পঞ্জাবের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।