প্রধানমন্ত্রীকে ফের মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
সম্প্রতি ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নিজেই বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন। এই দাবির সপক্ষে তাঁর কাছে কী প্রমাণ রয়েছে, তা জানতে চাওয়া হলে রাহুল নিজের ফোনের দিকে ইঙ্গিত করে জানান, সমস্ত প্রমাণ তাঁর ফোনেই রয়েছে। তাঁর অভিযোগ, ফোনে আড়ি পাতার মাধ্যমেই প্রধানমন্ত্রী তাঁর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের মঞ্চে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানান, যেকোনো মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসতে তিনি প্রস্তুত। এই বিতর্কের জন্য বিজেপি চাইলে নিজেদের পছন্দমতো বিচারক নিয়োগ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি শিল্পপতি গৌতম আদানি কিংবা আরএসএস প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল। তাঁর দাবি, মুখোমুখি বিতর্কে বসলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সম্ভব হবে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা আরও তথ্য তিনি প্রকাশ্যে আনবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান রাহুল গান্ধী আগেও একাধিকবার জানিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রাফাল চুক্তি নিয়ে তিনি বিতর্কের চ্যালেঞ্জ দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও প্রাক্তন বিচারপতি ও প্রবীণ সাংবাদিকদের পক্ষ থেকে দুই নেতাকে বিতর্কের আমন্ত্রণ জানানো হয়েছিল, যা রাহুল গ্রহণ করেছিলেন। এবার ফের ইনস্টাগ্রামের মাধ্যমে সেই বিতর্কের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা।