নিরাপত্তা সংক্রান্ত মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্য সরকারের সিদ্ধান্তে নিরাপত্তা জেড প্লাস থেকে কমিয়ে এক্স ক্যাটেগরি করার পর, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানির সময় অভিষেকের সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে বিচারব্যবস্থা নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ ওঠে। বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, তাঁর মক্কেল যদি নিজেকে এতই বুদ্ধিমান মনে করেন, তবে তিনিই যেন তালিকা তৈরি করে দেন যে কোন বিচারপতির সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে এবং কারা সেই তালিকার বাইরে।
রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, একজন সাংসদ হিসেবে বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে করা এই মন্তব্য সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর সরাসরি আঘাত। রাজ্যের তরফে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, অভিষেকের আইনজীবী শোয়েব আলম দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের মন্তব্যের কোনো সম্পর্ক নেই। তাঁর মতে, বারবার প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েও সাড়া না পাওয়ার হতাশা থেকেই অভিষেক ওই মন্তব্য করেছিলেন।
অভিষেকের আইনজীবীর দাবি, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁর মক্কেলের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার সুরক্ষিত। তাঁর ওপর একাধিকবার হামলার অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে আদালতে সওয়াল করা হয়। তবে বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট করে দিয়েছেন যে, অভিষেকের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রভাব নিরাপত্তা সংক্রান্ত মামলার ওপর পড়বে না। সমস্ত দিক বিবেচনা করেই আদালত নির্দেশ দেবে বলে জানিয়ে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে।