কাজিরাঙায় মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত সাত
অসমের কাজিরাঙার রঙ্গাজান এলাকায় গত বৃহস্পতিবার এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে আহতদের কোহোরা মডেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মিনিবাসটির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের পুরনো রেকর্ডও রয়েছে। জানা গেছে, গাড়িটির নামে এর আগে ১২টি ট্রাফিক চালান কাটা হয়েছিল, যার মোট পরিমাণ ৩৮,৫০০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক যানবাহনের অতিরিক্ত গতির জন্য আরও ৪,০০০ টাকার চালান বকেয়া ছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।