ছটপুজোয় রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ, বাগবাজারের মায়ের ঘাটও বন্ধ
আসন্ন ছটপুজো উপলক্ষে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ঘাটগুলিতে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখে বড় পদক্ষেপ করল প্রশাসন। ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বাগবাজারের বিখ্যাত মায়ের ঘাট এ বছর সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের পোর্ট ডিভিশন। এর পরিবর্তে পুণ্যার্থীদের কাশী মিত্র ঘাটে পুজো দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কুমারটুলি ও চাপাতলার মতো নিকটবর্তী ঘাটগুলি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
অন্যদিকে, রবীন্দ্র সরোবর চত্বরে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে কেএমডিএ। আগামী ১৪ নভেম্বর দুপুর দুটো থেকে ১৬ নভেম্বর দুপুর দুটো পর্যন্ত সরোবরের সমস্ত গেট বন্ধ থাকবে। বিগত বছরগুলিতে ছটপুজোর সময় অতিরিক্ত ভিড় ও বাজি ফাটানোর ফলে পরিবেশ দূষণ এবং জলচর ও স্থলচর প্রাণীদের ক্ষতির অভিযোগ উঠেছিল। সেই ঝুঁকি এড়াতেই এবার এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শহরের বিভিন্ন ঘাট ও পুকুর চত্বরে ছটপুজোর ব্যাপক আয়োজন করা হচ্ছে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে এবং প্রতিটি ঘাটে মহিলা ও পুরুষদের জন্য পৃথক চেঞ্জিং রুম ও বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। ভোরবেলা পুজোর আচার পালনের সুবিধার্থে ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়ে দিকনির্দেশক সাইনবোর্ড এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রতিটি ঘাটে হেল্পলাইন নম্বর প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।