সুমিত রায়ের এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী, তলব রিপোর্ট

পুলিশি হেফাজতে স্বামী সুমিত রায়ের এনকাউন্টারের আশঙ্কায় পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। গত ১৩ নভেম্বর কমিশনে দায়ের করা অভিযোগে তিনি দাবি করেছেন, নতুন কোনো মামলায় সুমিতকে ফের হেফাজতে নিয়ে পুলিশ তাঁকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলতে পারে। সুস্মিতার অভিযোগ, হেফাজতে থাকাকালীন সুমিতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা ও সি-প্যাপ মেশিন ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্য মানবাধিকার কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট, উস্তি ও কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসি-কে নোটিস পাঠানো হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া যেন সম্পূর্ণ আইন মেনে এবং মানবাধিকার বজায় রেখে পরিচালিত হয়। ধৃতের স্বাস্থ্যের ক্ষতি বা অমানবিক কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয়, সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকে এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না দিলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সুমিত রায়ের স্ত্রী হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *