বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা

আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ নভেম্বর এটি আরও সুস্পষ্ট আকার ধারণ করবে এবং ১৫ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির জেরে সমুদ্রের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়তে পারে। ১৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার হতে পারে। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওড়িশা সরকার বিশেষ সতর্কতা জারি করেছে। রাজ্যের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলির জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভুবনেশ্বরের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ওড়িশার কেন্দ্রাপাড়া ও জগৎসিংহপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ময়ূরভঞ্জ, পুরী ও খুরদা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৯ ও ২০ নভেম্বর রায়গড়াসহ সংলগ্ন এলাকাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *