পুণে বিমানবন্দরে ইন্ডিগোর জরুরি অবতরণ, সুরক্ষিত ১৯২ যাত্রী
রবিবার সকালে পুণে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ৬ই ০৬২৩ নম্বরের ওই উড়ানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন যে, বিমানের ল্যান্ডিং গিয়ারটি সঠিকভাবে কাজ করছে না। সেটি বাইরেই আটকে রয়েছে বুঝতে পেরে তিনি দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুণে বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়। নিরাপত্তার খাতিরে ভারতীয় বায়ুসেনা, দমকল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক অবস্থায় রাখা হয়। অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারের অবস্থা নিশ্চিত করতে বিমানটি রানওয়ের ওপর দিয়ে একবার নিচু দিয়ে উড়ে যায়, যা ‘লো পাস’ নামে পরিচিত।
অবশেষে সকাল ৯টা ৪ মিনিটে বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে এবং সেটিকে ৭ নম্বর বে-তে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা ১৯২ জন যাত্রী ও বিমানকর্মীদের অ্যারোব্রিজের সাহায্যে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। যাত্রীদের গুয়াহাটি পৌঁছে দেওয়ার জন্য বেঙ্গালুরু থেকে বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে।