সোনাক্ষী সিনহার আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে ধৃত যুবককে কেন মুক্তি দিল আদালত?
অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখ বসিয়ে অশ্লীল ও ভুয়ো ছবি সমাজমাধ্যমে ছড়ানোর অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। আর্যন দীপক জৈন নামে ওই যুবককে দিল্লির শাহদরার জগতপুরী এলাকা থেকে আটক করে মুম্বইয়ে নিয়ে আসা হয়। এই ঘটনার প্রেক্ষিতে বান্দ্রা থানায় অভিনেত্রী কড়া অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তের স্বার্থে এবং অপরাধে ব্যবহৃত ডিভাইস উদ্ধারের জন্য পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল।
তবে বান্দ্রা আদালতে পেশ করার পর বিচারক পুলিশের সেই আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তকে তৎক্ষণাৎ মুক্তির নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল মুম্বই পুলিশের আইনি ত্রুটি। নিয়ম অনুযায়ী, ভিন রাজ্য থেকে কাউকে গ্রেফতার করলে প্রথমে সেখানকার স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড নিতে হয়। কিন্তু মুম্বই পুলিশ সেই আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই অভিযুক্তকে সরাসরি মুম্বইয়ে নিয়ে আসে।
আদালতে অভিযুক্তের আইনজীবীরা সওয়াল করেন যে, গ্রেফতারের কোনো সঠিক কারণ বা আগাম নোটিশ দেওয়া হয়নি। সেলিব্রিটি হওয়ার কারণে পুলিশ তাড়াহুড়ো করেছে বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে, অভিযুক্ত আর্যন নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। দুপক্ষের সওয়াল শোনার পর আদালত স্পষ্ট জানায়, অপরাধের গুরুত্ব যাই হোক না কেন, তদন্তের নামে আইনের নিয়ম ভাঙা যাবে না। এই আইনি গাফিলতির কারণেই শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়ে যায়।