ডিজিটাল ডেটা সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের, চালু হলো কনসেন্ট ম্যানেজার পোর্টাল

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইনের অধীনে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক ‘কনসেন্ট ম্যানেজার’ নিবন্ধনের জন্য একটি অনলাইন পোর্টাল লঞ্চ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সংস্থা কনসেন্ট ম্যানেজার হিসেবে কাজ করার জন্য সরকারি আবেদন জানাতে পারবে। নিয়ম অনুযায়ী, ভারতে নিবন্ধিত কোনো সংস্থাকে কনসেন্ট ম্যানেজার হতে হলে কমপক্ষে ২ কোটি টাকার নেটওয়ার্থ থাকা বাধ্যতামূলক। এই আইনের প্রধান নিয়মগুলি ২০২৭ সালের ১৩ মে থেকে পুরোপুরি কার্যকর হবে।

কনসেন্ট ম্যানেজার মূলত ব্যবহারকারী এবং ডেটা ব্যবহারকারী কোম্পানির মধ্যবর্তী একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ বা সংস্থাকে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সেই অনুমতি প্রত্যাহারও করতে পারবেন। স্মার্টফোনে অ্যাপ ব্যবহারের সময় নাম, মোবাইল নম্বর, ইমেল, লোকেশন বা গ্যালারির অ্যাক্সেস দেওয়ার পর, ব্যবহারকারী এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন তিনি কাদের তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। সম্মতি প্রত্যাহারের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নিজের ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন।

নতুন এই আইনে কোম্পানিগুলিকে ডেটা ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মভঙ্গ করলে ‘ডেটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়া’ কঠোর ব্যবস্থা নিতে পারবে। ডেটা সুরক্ষায় গাফিলতি বা তথ্য চুরির মতো ঘটনায় কোম্পানিগুলিকে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়া, কোম্পানিগুলিকে এখন থেকে স্পষ্ট জানাতে হবে যে তারা ঠিক কী কারণে ইউজারের ডেটা সংগ্রহ করছে। এই আইনের ফলে সাধারণ ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সংশোধন বা ডিলিট করার দাবি জানাতে পারবেন, যা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জবাবদিহিতা বহুগুণ বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *