ইভিএম হঠানোর দাবিতে ছট পুজোর ঘাটে অভিনব প্রতিবাদ আরজেডি নেতার

ছট পুজোর পবিত্র দিনে ইভিএম বাতিলের দাবিতে অভিনব প্রতিবাদ জানালেন বৈশালীর ভগবানপুরের বাসিন্দা তথা স্থানীয় আরজেডি নেতা কেদার যাদব। হাতে ‘ইভিএম হটাও, গণতন্ত্র বাঁচাও’ লেখা পোস্টার নিয়ে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে ছট ঘাটের দিকে রওনা দেন। তাঁর এই দণ্ডবত যাত্রার দৃশ্য ঘিরে বিহারের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

কেদার যাদব জানান, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের আন্দোলনের পরেও যখন ইভিএম সরানো হচ্ছে না, তখন তিনি সরাসরি ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। তাঁর দাবি, বর্তমান শাসক দলের রাজনীতি ইভিএমের ওপর নির্ভরশীল। তাই দেশ থেকে ইভিএম না সরানো পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয় বলে মনে করেন তিনি। এই লক্ষ্যেই ছটি মাইয়া ও সূর্যদেবের কাছে আশীর্বাদ ভিক্ষা করছেন এই নেতা।

জানা গিয়েছে, ভগবানপুরের কাটওয়া পুল থেকে নির্ধারিত ছট ঘাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ তিনি এভাবেই দণ্ডবত করে অতিক্রম করার পরিকল্পনা করেছিলেন। এই দীর্ঘ পথ পেরোতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লাগার কথা। একদিকে যখন রাজ্যজুড়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সন্ধ্যা অর্ঘ্য পালিত হচ্ছে, ঠিক তখনই এই রাজনৈতিক প্রতিবাদ সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *