ল্যান্ডিং গিয়ার বিভ্রাটে পুণেতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, রক্ষা পেলেন ১৯২ যাত্রী

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল ইন্ডিগোর একটি বিমান। ল্যান্ডিং গিয়ার না খোলায় ১৯২ জন যাত্রী নিয়ে পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। মাঝ আকাশে সমস্যার বিষয়টি বুঝতে পেরেই পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) সতর্ক করেন। এর ফলে পুণে বিমানবন্দর প্রশাসন, ইন্ডিগো এবং সংশ্লিষ্ট জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপিত হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিমানবন্দরে ‘ফুল ইমারজেন্সি’ ঘোষণা করা হয়। রানওয়েতে দমকলের ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দলগুলিকে প্রস্তুত রাখা হয়। ল্যান্ডিং গিয়ারের প্রকৃত অবস্থা যাচাই করতে বিমানটি রানওয়ের ওপর দিয়ে একটি ‘লো পাস’ করে। এরপর সকাল ৯টা ৪ মিনিটে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর বিমানটিকে দমকল ও অ্যাম্বুলেন্সের নিরাপত্তাবলয়ে বে নম্বর ৭-এ নিয়ে যাওয়া হয় এবং সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।

বিমানটি থামার পর দ্রুত যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যাঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। পুণে বিমানবন্দর প্রশাসন, ভারতীয় বায়ুসেনা এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঠিক সমন্বয় ও তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *