দিল্লির শোরুমে তরুণী কর্মীকে গলা কেটে খুন, পলাতক অভিযুক্ত আত্মীয়
দিল্লির একটি শোরুমের ট্রায়াল রুম থেকে এক তরুণী কর্মীর গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত তরুণীর নাম শবনম। তিনি ওই শোরুমে সেলসওম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন শোরুমের ভেতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ২৯ বছর বয়সি সুরজ, যে সুদামাপুরীর বাসিন্দা। সম্পর্কে সে মৃতার আত্মীয়। অভিযুক্ত সুরজের দুই ভাইয়ের সঙ্গে নিহত শবনমের দুই বোনের বিয়ে হয়েছিল, যার ফলে তাদের মধ্যে পারিবারিক সুসম্পর্ক ছিল। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুরজ পলাতক রয়েছে।
মৃতার ভাই অরবিন্দর অভিযোগের ভিত্তিতে মতি নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ক্রাইম ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ করেছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।