গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার পরিষেবা, বাড়ানো হচ্ছে বার্জের সংখ্যা
আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে এবার আকাশপথে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলায় আট থেকে দশটি হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে পুণ্যার্থীরা খুব সহজেই সকালে পৌঁছে পুজো দিয়ে দিনের দিনই ফিরে আসতে পারবেন। বয়স্ক মানুষ এবং যাঁদের হাতে সময় কম, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করছে প্রশাসন। তবে টিকিটের মূল্য এখনও নির্ধারিত হয়নি।
মুড়িগঙ্গা নদী পারাপারের ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে এবার বার্জের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। বিগত বছরগুলিতে যেখানে চার-পাঁচটি বার্জ চলত, সেখানে এবার ১৫ থেকে ২০টি বার্জ নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে যাত্রী পারাপারের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভিড়ের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া মুড়িগঙ্গায় ড্রেজিংয়ের মাধ্যমে তৈরি নতুন নৌ-চ্যানেল রক্ষণাবেক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে লট নম্বর ৮-এ অতিরিক্ত শেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করতে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশে অতিরিক্ত আলো বসানো হবে। এবারের মেলায় পুণ্যার্থীদের রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান করছে প্রশাসন। সেই অনুযায়ী সমস্ত আগাম প্রস্তুতি ও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তীর্থযাত্রীদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়।