ইরাকের আকাশসীমা ব্যবহার করে সময় বাঁচাল এয়ার ইন্ডিয়া, ১৭ ঘণ্টায় পৌঁছানো যাবে আমেরিকা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির জেরে বড় পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া। নভেম্বরের শুরু থেকেই ইরাকের আকাশসীমা ব্যবহার করে ভারত থেকে আমেরিকাগামী বিমানগুলি চলাচল শুরু করেছে। এর ফলে দীর্ঘপথের যাত্রায় সময় অনেকটাই কমেছে। এতদিন যে রুটে যাতায়াত করতে প্রায় ২২ ঘণ্টা সময় লাগত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৭ ঘণ্টায়। এই পরিবর্তনের ফলে যাত্রীরা দীর্ঘপথের ক্লান্তি থেকে অনেকটাই রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

চলতি বছর আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিমান চলাচলে বেশ কিছু প্রতিকূলতা তৈরি হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারত ও উত্তর আমেরিকার বিমান চলাচল ব্যাহত হয়। বাধ্য হয়ে দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্ক এবং নেওয়ার্কগামী বিমানগুলিকে রোমে বিরতি নিতে হচ্ছিল। পাশাপাশি জর্ডন ও মিশরের ওপর দিয়ে ঘুরপথে যাওয়ার ফলে যাত্রার সময় বাড়ার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি খরচও বৃদ্ধি পেয়েছিল।

বর্তমানে দিল্লি থেকে এ৩৫০-৯০০ মডেলের বিমানে নিউ ইয়র্কে প্রতিদিন একটি এবং নেওয়ার্কে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। অন্যদিকে মুম্বই থেকে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রতিদিন এবং নেওয়ার্কের জন্য সপ্তাহে তিনটি ফ্লাইট চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। ইরাকের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলায় এখন এই চারটি রুটে সম্পূর্ণ বিরতিহীন পরিষেবা চালু হয়েছে। রুট স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি বিমান সংস্থার অপারেশনাল খরচও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *