আসিয়ান ও ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ফিলিপিন্সের ম্যানিলা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিলিপিন্সের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র অংশ হিসেবে আসিয়ান দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য।
সম্মেলনে ভারত-আসিয়ান বাণিজ্য সম্পর্ক এবং বাণিজ্য ঘাটতি কমানোর উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারত ও আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। এছাড়া ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আওতায় দক্ষিণ চিন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, জলদস্যুতা রোধ, অবৈধ মাছ ধরা বন্ধ এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো কোয়াড নেতাদের বৈঠক। ১৭ নভেম্বর ম্যানিলাতে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অংশ নেবেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে বিরল খনিজের সাপ্লাই চেন, জ্বালানি সরবরাহের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হবে।