সংসদের শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল আনার পরিকল্পনা কেন্দ্রের

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিলগুলি পাশ হলে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে সর্বোচ্চ ৮৫০টি হতে পারে। পাশাপাশি, সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টিও নিশ্চিত করা হবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই নতুন ব্যবস্থা কার্যকর করতে চাইছে কেন্দ্র।

তবে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর ক্ষেত্রে বিরোধীদের সমর্থন পাওয়া সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লোকসভায় এই বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন। বর্তমানে এনডিএ জোটের হাতে ৩২০ জন সাংসদ থাকলেও, বিল পাশের জন্য ৩৬১টি ভোটের প্রয়োজন। সরকারি আধিকারিকদের মতে, প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে বিল পাশ করানো সম্ভব হতে পারে। তবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তির কারণে সংসদে অচলাবস্থা তৈরির আশঙ্কাও রয়েছে।

ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনেও কেন্দ্র বিশেষ পরিকল্পনা করছে। প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি ফর্মুলা বিবেচনা করা হচ্ছে, যাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব বজায় থাকে। এর আগে গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত বিল আনার প্রস্তাব দেওয়া হলেও প্রয়োজনীয় সমর্থন না মেলায় তা সম্ভব হয়নি। এখন শীতকালীন অধিবেশনে সরকার বিরোধীদের সমর্থন আদায় করে বিল পাশ করাতে পারে কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *