১০০ ঘণ্টায় শতকোটি ডলার, ইরান যুদ্ধের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে আমেরিকা
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন সিংহ গর্জন’ অভিযানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে চাপের মুখে পড়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই যুদ্ধে আমেরিকার এ পর্যন্ত মোট খরচের পরিমাণ দাঁড়িয়েছে ২৯০০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। ইজরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা এই অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বের পতন ঘটলেও এর অর্থনৈতিক প্রভাব এখন খোদ আমেরিকার ওপরই প্রকট হয়ে উঠছে।
গোলাবারুদ ও সরঞ্জামে রেকর্ড ব্যয়
পেন্টাগনের ভারপ্রাপ্ত কন্ট্রোলার জুলস হার্স্টের দেওয়া তথ্যানুসারে, খরচের সিংহভাগ ব্যয় হয়েছে ব্যবহৃত অত্যাধুনিক গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে। যুদ্ধের সূচনালগ্নে ব্যয়ের হার ছিল আকাশচুম্বী। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) রিপোর্ট বলছে, প্রথম ১০০ ঘণ্টায় প্রতিদিন গড়ে ৯০ কোটি ডলার করে খরচ করেছে মার্কিন সামরিক বাহিনী। মূল্যবান ক্ষেপণাস্ত্র ও বিধ্বংসী বোমার অত্যধিক ব্যবহারই এই বিশাল অঙ্কের মূল কারণ।
চাপে ট্রাম্প সরকার ও মার্কিন অর্থনীতি
অস্ত্রের মজুদ ফুরিয়ে আসা এবং ক্রমবর্ধমান ব্যয় নিয়ে খোদ মার্কিন কংগ্রেসে সমালোচনার মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি ও জ্বালানি তেলের দাম বাড়ায় সংকটে থাকা ডোনাল্ড ট্রাম্পের সরকারকে এই যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত বাজেট অনুমোদনের জন্য লড়তে হতে পারে। সমর বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের প্রাথমিক ধাক্কায় ব্যয় সর্বাধিক হলেও দীর্ঘমেয়াদী সংঘাত আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।