শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদীর
ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জেসের ৬৫তম বার্ষিক বৈঠকে এক লিখিত বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোকপাত করেছেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি বাজার পরিচালনার পদ্ধতিকে আমূল বদলে দিচ্ছে। এর ফলে নতুন সুযোগ তৈরির পাশাপাশি সাইবার নিরাপত্তা, বাজারের অখণ্ডতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মুম্বইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি ও সিইও আশিসকুমার চৌহান প্রধানমন্ত্রীর এই বার্তাটি পাঠ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বিশ্বব্যাপী বাজারগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। আর্থিক অস্থিরতা ও নতুন ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া পরিকাঠামো উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন মোদী। দুই দশক পর ভারতে এই আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি দেশের অর্থনীতির পাশাপাশি মূলধনী বাজারের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করেন, যা ভারতীয় ব্যবসাগুলোকে মূলধন সংগ্রহে সহায়তা করছে।
দেশের সাধারণ মানুষের শেয়ার বাজারে অংশগ্রহণ বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্কিং, বিমা এবং ইউপিআই-এর মতো ডিজিটাল আর্থিক পরিষেবার প্রসারের ফলে সাধারণ মানুষ মূলধারার আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছেন। বাজারের পরিকাঠামোর উন্নতি ও বিনিয়োগ প্ল্যাটফর্ম সহজলভ্য হওয়ায় এই অংশগ্রহণ বেড়েছে বলে তিনি মনে করেন। পরিশেষে মোদী বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবন একে অপরকে শক্তিশালী করে। তবে প্রযুক্তি বাজারের বিবর্তন ঘটালেও, আর্থিক ইকোসিস্টেমের টেকসই বৃদ্ধির ক্ষেত্রে ‘বিশ্বাস’ বা ‘ভরসা’ সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য হবে।