গোরখপুরে অখিলেশ যাদবের ২০ কিলোমিটার রোড শো, বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরখপুরে ২০ কিলোমিটার দীর্ঘ রোড শো করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিশেষ ‘পিডিএ রথ’-এ চড়ে অখিলেশ যখন গোরখপুরের পথে এগোচ্ছিলেন, তখন হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থক তাঁকে স্বাগত জানান। ঢাক-ঢোল এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। গোরখপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রসহ পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজবাদী পার্টির কর্মীরা এই মিছিলে অংশ নেন।
রোড শো শেষে আয়োজিত অনুষ্ঠানে অখিলেশ যাদব বিজেপি সরকারের উন্নয়নের দাবির তীব্র সমালোচনা করেন। গোরখপুরের পরিকাঠামো নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সরকারের মিথ্যা উন্নয়নের দাবির কারণে গোরখপুরকে এখন স্পেন বা ভেনিসের মতো মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই শহরের সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যায়। লখনউয়ের মতো গোরখপুরে মেট্রো চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্ষাকালে মানুষকে নৌকায় যাতায়াত করতে হয় বলে তিনি দাবি করেন।
আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে গণতন্ত্র বাঁচানোর লড়াই হিসেবে অভিহিত করেছেন অখিলেশ। তিনি বলেন, যে সরকার সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করতে পারে না, তারা ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়নের কথা বলছে। গোরখপুরের এই জনস্রোত দেখে বিজেপি-র শক্ত ঘাঁটি ভাঙার দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান। অখিলেশের এই আক্রমণাত্মক মন্তব্য আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।