বিশ্ব কূটনীতিতে ভারত ‘সাইড প্লেয়ার’ হয়ে পড়েছে, মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর
আমেরিকার শিকাগোতে এক আলোচনাসভায় অংশ নিয়ে ভারতের বর্তমান বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা করলেন রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনায় পাকিস্তান ভূমিকা পালন করতে পারলেও ভারত কেন পিছিয়ে রয়েছে। রাহুলের মতে, আয়তন ও গুরুত্বের নিরিখে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের একটি শক্তিশালী কণ্ঠস্বর থাকা উচিত, কিন্তু বর্তমানে ভারত বিশ্বমঞ্চে কেবল একজন ‘সাইড প্লেয়ার’ হিসেবেই সীমাবদ্ধ থাকছে। তিনি দাবি করেন, রাশিয়া, ইরান ও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও নয়াদিল্লি সেই কূটনৈতিক প্রভাবকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্কের বিষয়টিকেও গুরুত্ব দিতে নারাজ রাহুল গান্ধী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কাঠামোই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। রাহুলের মতে, ঐতিহাসিকভাবে ভারতের ভূ-রাজনীতি সম্পর্কে গভীর ধারণা ছিল এবং জোটনিরপেক্ষ আন্দোলনেও ভারতের বড় ভূমিকা ছিল। তিনি চান, ভারত বিশ্বমঞ্চে সেই প্রভাবশালী অবস্থানে পুনরায় ফিরে আসুক।
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী স্পষ্ট করেন যে, আলোচনার সম্ভাবনা থাকলেও তার আগে পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, নিরীহ মানুষ খুন হতে থাকলে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অসম্ভব। সন্ত্রাসে মদত বন্ধ হলেই আলোচনার দরজা খুলতে পারে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ভারত দালাল রাষ্ট্র বা মধ্যস্থতাকারী দেশের ভূমিকা পালন করতে পারে না।