মোথাবাড়ি কাণ্ড: এনআইএ-র তলবে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী

মোথাবাড়ি কাণ্ডের তদন্তের সূত্রে তলব পেয়ে নিউ টাউনে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সোমবার সকালে তিনি এনআইএ অফিসে পৌঁছান। তাঁর সঙ্গে এই মামলায় হাজিরা দিয়েছেন তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমও।

এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্তে তাঁদের তলব করেছিল। এনআইএ দফতরে প্রবেশের আগে সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁদের বারবার তলব করা হচ্ছে। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তাঁরা কোনও ভাবেই জড়িত নন এবং বিষয়টি আগেও স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে এনআইএ-র পক্ষ থেকে তাঁকে তলবের নোটিস পাঠানো হয়েছিল। গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে সাত জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও এবং তাঁদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছিল। পরবর্তী সময়ে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় একাধিকবার অভিযান চালিয়েছে এনআইএ এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীরা ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *