দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে উত্তর কোরিয়ার কোস্ট গার্ড জাহাজ, নজর রাখছে সিওল
দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি ‘কোস্ট গার্ড’ জাহাজ শনাক্ত করা হয়েছে। গত সপ্তাহে ৭৬-মিলিমিটার নৌ আর্টিলারি সজ্জিত এই জাহাজটিকে ডি ফ্যাক্টো সামুদ্রিক সীমান্তের কাছাকাছি দেখা যায়।
ধারণা করা হচ্ছে, চীনা মাছ ধরার নৌকাগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতেই জাহাজটি সেখানে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার কোনো জাহাজে প্রথমবারের মতো এমন উপাধি দেখা গেল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র ক্যাপ্টেন জ্যাং ডো-ইয়ং জানিয়েছেন, সামরিক বাহিনী সামনের সারির সামুদ্রিক এলাকায় উত্তর কোরিয়ার প্রতিটি কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখছে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন উত্তর কোরিয়া তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একটি নতুন পুলিশ ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যমান জননিরাপত্তা বাহিনীকে একটি পেশাদার পুলিশ সংস্থায় রূপান্তরিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামুদ্রিক সীমান্তে ‘কোস্ট গার্ড’ জাহাজের উপস্থিতি উত্তর কোরিয়ার এই নিরাপত্তা কাঠামোকে আনুষ্ঠানিক ও পেশাদার করার বৃহত্তর প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।