ভারতের ভাষাগত বৈচিত্র্যে মুগ্ধ রুশ প্রেসিডেন্ট পুতিন, মোদির সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ
ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষাগত বৈচিত্র্য নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হওয়া এক ব্যক্তিগত কথোপকথনের স্মৃতিচারণ করেন।
পুতিন জানান, ভারতের জনসংখ্যার একটি বড় অংশ যে নিজেদের মাতৃভাষায় কথা বলেন, তা জেনে তিনি রীতিমতো বিস্মিত হয়েছেন। ভারতীয় সভ্যতাকে বিশ্বের অন্যতম প্রাচীন ও আকর্ষণীয় সভ্যতা হিসেবেও অভিহিত করেছেন তিনি। সাক্ষাৎকারে পুতিন প্রধানমন্ত্রী মোদির কাছে জানতে চেয়েছিলেন, ভারতের কত শতাংশ মানুষ সরকারি ভাষায় কথা বলেন। মোদি জানান, প্রায় ৬০ কোটি মানুষ সরকারি ভাষায় কথা বলেন, যেখানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৫০ কোটি।
এই পরিসংখ্যান শুনে রুশ প্রেসিডেন্ট অবাক হন যে, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ নিজস্ব আঞ্চলিক ও মাতৃভাষায় কথা বলেন। ভারতের এই বৈচিত্র্যকে তিনি ‘অবিশ্বাস্য’ ও ‘অভাবনীয়’ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ভারতের কোনো নির্দিষ্ট জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক ভাষা হিসেবে হিন্দি ও ইংরেজি ব্যবহৃত হয়। এছাড়া ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগেও ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখার সময় পুতিন ভারতকে অনন্য, বৈচিত্র্যময় এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। ভারতের বিশালতা ও বৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য, এমনটাই মত রুশ প্রেসিডেন্টের।