বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু, খুশি জেলাবাসী
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নদীয়ার মায়াপুর পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। সোমবার সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন রুটের বাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই পরিষেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নতুন এই পরিষেবা অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাসটি রওনা দেবে এবং একই দিনে বিকেল পাঁচটা নাগাদ গন্তব্যে পৌঁছাবে। অন্যদিকে, মায়াপুর থেকে প্রতিদিন সকাল সাতটায় বালুরঘাটের উদ্দেশ্যে বাসটি ছাড়বে।
বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত এই যাত্রাপথে বাসটি মোট ২১টি জায়গায় থামবে। এই রুটে ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েছে ২৬৫ টাকা।
দীর্ঘদিন ধরে বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন থাকলেও মায়াপুরে পৌঁছাতে যাত্রীদের বাড়তি সময় লাগত। সাধারণ মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে এই নতুন রুট চালু করা হয়েছে। বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি জেলাবাসী।