কাল্লাকুরিচিতে মহিলা IAS আধিকারিককে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিধায়ক অরুল ভিগনেশ

কাল্লাকুরিচি জেলার জেলাশাসক জে ই পদ্মজাকে যৌন হেনস্থা এবং অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে টিভিকে বিধায়ক অরুল ভিগনেশকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, গত জুলাই মাস থেকে বিধায়ক ওই মহিলা আধিকারিককে হোয়াটসঅ্যাপে লাগাতার আপত্তিকর বার্তা পাঠাচ্ছিলেন।

শুধু তাই নয়, বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে জেলাশাসকের পোশাক ও চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি মদ্যপ অবস্থায় তাঁর সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টার অভিযোগও বিধায়কের বিরুদ্ধে উঠেছে। গত ২৩ নভেম্বর কাল্লাকুরিচি মহিলা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন জেলাশাসক জে ই পদ্মজা।

সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ৭৮, ৭৯ ও ১৩২ নম্বর ধারা এবং তামিলনাড়ুর ‘প্রহিবিশন অব হ্যারাসমেন্ট অব উইমেন অ্যাক্ট’-এর আওতায় মামলা রুজু করেছে পুলিশ। মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে তিরুপুরের পুলিশ সুপার শ্রীষ্টি সিংয়ের নেতৃত্বে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছেন আইজি এন কামিনি।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার চার সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে, যাদের ৬০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযোগকারিণী জেলাশাসকের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পুলিশি তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *