পুরুলিয়া জেলা পরিষদে রাস্তা নির্মাণ টেন্ডারে দুর্নীতির অভিযোগ, ১৪ ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু
পুরুলিয়া জেলা পরিষদের রাস্তা নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং ক্রেডেনশিয়াল বা নথিপত্রে কারচুপির অভিযোগে ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।
জেলাশাসকের কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হলে এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। গত ১৭ নভেম্বর অভিযুক্ত ঠিকাদারদের শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু অধিকাংশের জবাব না মেলায় এবং কয়েকজনের উত্তর সন্তোষজনক না হওয়ায় প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য গত ২১ সেপ্টেম্বর ৬ কোটি ৭১ লক্ষ টাকার ৮৬টি রাস্তা নির্মাণ প্রকল্পের টেন্ডার ডাকা হয়েছিল। এর মধ্যে ৬১টি প্রকল্পের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হলেও, অনিয়মের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ঠিকাদারদের ন’টি কাজের ওয়ার্ক অর্ডার বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া প্রকল্পগুলির জন্য নতুন করে ব্যয় নির্ধারণ করে পুনরায় টেন্ডার ডাকা হবে।
প্রশাসন কেবল এই ১৪ জন ঠিকাদারের বিরুদ্ধেই তদন্ত সীমাবদ্ধ রাখছে না। বাকি ঠিকাদারদের জমা দেওয়া নথিপত্রের সত্যতা যাচাইয়ের জন্য সেচ, পূর্ত, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও বিদ্যুৎ দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগকে নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।