সরকারি কর্মীদের জন্য সুখবর! ৩% DA বাড়াল রাজ্য সরকার
উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, পৌঁছাল ৬৩ শতাংশে
লখনউ: উৎসবের মরসুমে উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে উন্নীত হলো।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যাবে। এছাড়া, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বকেয়া ডিএ-র টাকা সংশ্লিষ্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সম্প্রতি ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সেই পদাঙ্ক অনুসরণ করেই উত্তরপ্রদেশ সরকারও সমপরিমাণ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল। এই ঘোষণার ফলে রাজ্যের পাশাপাশি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা কেন্দ্র এবং নগর স্থানীয় সংস্থার কর্মীরাও উপকৃত হবেন।
চলতি বছরের জুন মাসে শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল। দিওয়ালির ঠিক আগে নতুন করে এই ডিএ বৃদ্ধির ঘোষণায় রাজ্য সরকারি মহলে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।