দিল্লির বাতাস বিষাক্ত, শিশুদের ফুসফুস কি তবে ধ্বংসের মুখে!
দিল্লি-এনসিআর বায়ুদূষণ: আবেগতাড়িত যুক্তির চেয়ে তথ্যের ওপর জোর সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি:
দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) ক্রমবর্ধমান বায়ুদূষণ সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল যে, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ সীমিত থাকা প্রয়োজন। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট করেছে, আদালতের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ আইন অমান্য করার প্রবণতাকে উসকে দিতে পারে। পরিবর্তে, দীপাবলির মতো উৎসবের প্রাক্কালে জনসচেতনতামূলক কর্মসূচির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত।
শুনানির সময় আদালত-বান্ধব সিনিয়র অ্যাডভোকেট অপরাজিতা সিং স্যর গঙ্গারাম হাসপাতালের এক বক্ষবিশেষজ্ঞের রিপোর্টের প্রসঙ্গ টেনে দাবি করেন, দিল্লিতে শিশুদের ফুসফুস আর গোলাপি নেই। তবে এই দাবিকে সরাসরি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, তারা এ ধরনের ‘ব্যক্তিগত অভিজ্ঞতা’ নির্ভর মতামতে আগ্রহী নয়। কোনো পিয়ার-রিভিউড (বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচিত) গবেষণাপত্র পেশ না করা পর্যন্ত আদালত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) এবং গ্র্যাডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা বিশ্বাস করি CAQM সব বিশেষজ্ঞের মতামত নিয়েই কাজ করছে। কোনো গবেষণাপত্র দিয়ে গ্র্যাপের তথ্য খণ্ডন করতে না পারলে আমরা আবেগপূর্ণ যুক্তির পথে যাব না।”
শুনানির শুরুতে প্রধান বিচারপতি সুরজ কান্ত ব্যঙ্গাত্মক সুরে বলেন, “আশা করি আপনারা সবাই দিল্লির আবহাওয়া উপভোগ করছেন।” এর উত্তরে অ্যাডভোকেট অপরাজিতা সিং জানান, বাতাসের গুণমান ইতিমধ্যেই ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। তিনি অভিযোগ করেন, গ্র্যাপ শুধুমাত্র গড় হিসাব নেওয়ায় দিল্লির কোনো নির্দিষ্ট এলাকার ভয়াবহ দূষণ সামগ্রিক পরিসংখ্যানে ধরা পড়ছে না। এই পরিস্থিতিতে শিশুদের স্কুল বন্ধ রাখা বা হাইব্রিড মোডে ক্লাস চালানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
তবে বিচারপতি বাগচী শিশুদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে তীব্র অনীহা প্রকাশ করেছেন। আদালতের পর্যবেক্ষণ, সংবেদনশীল বিষয়ের চেয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই বায়ুদূষণ মোকাবিলার পথ প্রশস্ত হওয়া উচিত।