১৫ নভেম্বর থেকে শুরু স্টল বুকিং, এবারের পৌষমেলা কতদিন চলবে?
১৫ নভেম্বর থেকে শুরু পৌষমেলার স্টল বুকিং
নিজস্ব প্রতিবেদক, শান্তিনিকেতন: ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা ২০২৫-এর প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। গত মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মেলার দিনক্ষণ ও আনুষঙ্গিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, ভারপ্রাপ্ত কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বোলপুরের মহকুমাশাসকসহ জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠক শেষে উপাচার্য জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এবারের মেলাও ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা বজায় রাখতে এবং ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে স্টল বুকিং প্রক্রিয়া শুরু হবে। মেলার যাবতীয় তথ্য পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটও চালু করা হচ্ছে।
এবারের মেলার মূল লক্ষ্য বাংলার গ্রামীণ শিল্প ও হস্তশিল্পীদের উৎসাহিত করা। সেই উদ্দেশ্যে ক্ষুদ্র ও হস্তশিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতবারের মতো এবারও শান্তিনিকেতনের পূর্বপল্লি মাঠেই বসবে মেলার আসর। পরিবেশ রক্ষায় বিশেষ নজর দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা শেষ হওয়ার দুই দিনের মধ্যেই পুরো মাঠ পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবারের পৌষমেলা আরও বেশি নিরাপদ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।