কুনজর মানেই সেক্সুয়াল ফেভার নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের!

 

যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন, কর্ণাটক হাইকোর্টে খারিজ ফৌজদারি মামলা

বেঙ্গালুরু: এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারিণীর বয়ানে অসংলগ্নতা রয়েছে এবং প্রাথমিক অভিযোগের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

মামলার বিবরণে জানা যায়, আর্থিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে ওই মহিলা অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ ছিল, সেখানে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং তার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, টাকা ফেরত না দিলে অভিযুক্ত তাঁকে শারীরিক আঘাতের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছিল।

তবে পরবর্তী পর্যায়ে তদন্ত চলাকালীন পুলিশের কাছে দেওয়া বয়ানে ওই মহিলা আগের অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র তাঁর দিকে কুনজরে বা অনুচিতভাবে তাকিয়েছিলেন। আগের দেওয়া শারীরিক নিগ্রহের হুমকির অভিযোগটিও তিনি প্রত্যাহার করে নেন।

আদালত পর্যবেক্ষণ করে যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন সুবিধা চাওয়ার যে মূল অভিযোগ তোলা হয়েছিল, তদন্তে তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেবল কুনজরে তাকানোর অভিযোগটি আইনিভাবে যৌন হেনস্থার সংজ্ঞায় বিচারযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে।

এই প্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগকারিণীর বয়ানের বারবার পরিবর্তন এবং প্রমাণের অভাবে অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি চালিয়ে যাওয়া সমীচীন নয়। এর ফলে অভিযুক্তকে ওই ফৌজদারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *