সোমবার থেকে ফের ভাসবে দক্ষিণবঙ্গ, আগামী ৭ দিনের আবহাওয়া নিয়ে বড় আপডেট!

 

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাইফোঁটার দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
নতুন সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার ও বুধবার উত্তরের বাকি জেলাগুলিতে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *