দিল্লির বিষাক্ত বাতাসে শিশুদের ফুসফুসও আর গোলাপি নেই!
দিল্লি-এনসিআর-এর বায়ুদূষণ মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: আবেগ নয়, তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত
নয়াদিল্লি: দিল্লি ও এনসিআর এলাকার ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ সীমিত থাকা উচিত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আদালতের অতিরিক্ত হস্তক্ষেপ আইন অমান্যের প্রবণতা তৈরি করতে পারে। দূষণ মোকাবিলায় আদালতের পরিবর্তে জনসচেতনতামূলক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে শীর্ষ আদালত।
শুনানির সময় আদালত-বান্ধব সিনিয়র অ্যাডভোকেট অপরাজিতা সিং স্যর গঙ্গারাম হাসপাতালের এক বক্ষবিশেষজ্ঞের রিপোর্টের প্রসঙ্গ টেনে দাবি করেন, দূষণের কারণে দিল্লির শিশুদের ফুসফুস আর গোলাপি নেই। তবে আদালত এই ‘ব্যক্তিগত অভিজ্ঞতা’ নির্ভর যুক্তির সঙ্গে একমত হতে অস্বীকার করেছে। বিচারপতিরা সাফ জানিয়েছেন, যতক্ষণ না কোনো পিয়ার-রিভিউড (peer-reviewed) গবেষণাপত্র পেশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আদালত কেবল গ্রাডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) এবং সরকারি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) সব বিশেষজ্ঞদের মতামত নিয়েই কাজ করছে। কোনো গবেষণাপত্র দিয়ে গ্র্যাপ-এর সিদ্ধান্তকে খণ্ডন করতে না পারলে আদালত এ ধরনের আবেগপূর্ণ যুক্তিতে যাবে না।”
শুনানিকালে অপরাজিতা সিং জানান, দিল্লির বাতাসের গুণমান বর্তমানে ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। তিনি শিশুদের স্কুলগুলোতে হাইব্রিড মোডে ক্লাস নেওয়ার এবং গ্র্যাপ-এর গণনার পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে বিচারপতি বাগচী শিশুদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে তীব্র অনীহা প্রকাশ করেন।
উল্লেখ্য, স্বাভাবিক অবস্থায় নবজাতকের ফুসফুস হালকা গোলাপি রঙের হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধূলিকণা, ধোঁয়া ও বিষাক্ত বায়ুর সংস্পর্শে এসে ফুসফুসের রং ক্রমশ ধূসর বা কালচে হতে শুরু করে। এদিন শুনানির শুরুতে প্রধান বিচারপতি দিল্লি-এনসিআর-এর আবহাওয়া নিয়ে কিছুটা কটাক্ষের সুরে মন্তব্য করেন, যা নিয়ে আইনজীবী মহলে আলোচনার সূত্রপাত হয়। আদালত জানিয়েছে, বায়ুদূষণ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপগুলো কেবল বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই নির্ধারিত হবে।