ডিভোর্সের গুঞ্জন মুছে গোবিন্দার কাছে ফিরছেন সুনীতা!
গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সুর বদল সুনীতার, জানালেন গয়না কেনার পরিকল্পনার কথা
নিজস্ব প্রতিবেদক: বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে গত দু’বছর ধরে চলা দাম্পত্য কলহের জল্পনার মাঝে নতুন মোড়। দীর্ঘ টানাপোড়েন ও সম্পর্কের অবনতির খবরের পর, এবার গোবিন্দার কাছে ফেরার ইঙ্গিত দিলেন সুনীতা।
গত বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল যে, অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ হতে চলেছে। এই সম্পর্কের অবনতির নেপথ্যে গোবিন্দার সঙ্গে সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের নাম জড়িয়ে নানা বিতর্ক দানা বাঁধে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিল যে, রাগের মাথায় সুনীতা জনসমক্ষে কোমলকে উদ্দেশ্য করে গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেছিলেন। এমনকি তাঁদের সম্পর্কের টানাপোড়েন আদালত পর্যন্ত গড়িয়েছে বলেও খবর রটেছিল।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি সুনীতার এক মন্তব্যে সম্পর্কের পুনর্মিলনের ইঙ্গিত মিলেছে। একটি সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, তাঁরা খুব শীঘ্রই একসঙ্গে গয়না কিনতে যাওয়ার পরিকল্পনা করছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দুই তারকার সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনুরাগীরা। যদিও এই বিষয়ে গোবিন্দার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দীর্ঘদিনের দাম্পত্য জীবনে আসা এই ঝড়ের পর, সুনীতার এই ইতিবাচক মনোভাবকে ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।