ভক্তদের সামনে অমিতাভ, বোমাতঙ্কের হুমকি উপেক্ষা করে নজিরবিহীন দৃশ্য!
ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করলেন অমিতাভ বচ্চন, ক্ষমা চাইলেন চিঠি লিখতে না পারায়
মুম্বাই: কাঁচের দেওয়ালের আড়াল সরিয়ে সরাসরি অনুরাগীদের সামনে হাজির হলেন অমিতাভ বচ্চন। দীপাবলি উৎসব পরবর্তী সময়ে ভক্তদের সঙ্গে তাঁর এই সরাসরি সাক্ষাৎ নিয়ে তৈরি হয়েছে বাড়তি উদ্দীপনা। তবে উপস্থিত ভক্তদের কাছে নিজের অপারগতার জন্য ক্ষমাও চেয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
মূলত দীপাবলিতে ভক্তদের পাঠানো অগণিত উপহারের জন্য ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে না পারায় এই ক্ষমাপ্রার্থনা। অমিতাভ বচ্চন জানান, দীপাবলি উপলক্ষে দেশ-বিদেশ থেকে তাঁর কাছে প্রচুর উপহার এসেছে। অভিনেতার মতে, অনুরাগীদের পাঠানো উপহার অযত্নে ফেলে রাখা প্রেরককে অপমান করার শামিল। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রতিটি উপহারদাতাকে নিজ হাতে চিঠি লিখে ধন্যবাদ জানাবেন।
তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁর সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে। অভিনেতা জানিয়েছেন, হাতের তীব্র যন্ত্রণার কারণে তিনি কলম ধরতে পারছেন না। চিঠি লিখে কৃতজ্ঞতা জানাতে দেরি হওয়ায় তিনি ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন।
প্রসঙ্গত, চিকিৎসকরা তাঁকে কঠোর বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি, গত শুক্রবার অমিতাভের বাসভবন ‘জলসা’ সহ মুম্বাইয়ের একাধিক স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। যদিও পরবর্তীতে পুলিশি তদন্তে সেই হুমকিকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে অনেকেই আশঙ্কা করেছিলেন, নিরাপত্তার খাতিরে হয়তো অমিতাভ এবারও কাঁচের আড়ালে থেকেই ভক্তদের দেখা দেবেন। কিন্তু সব জল্পনা কাটিয়ে সরাসরি ভক্তদের সামনে এসে তিনি সবাইকে চমকে দিলেন।