ভাইফোঁটায় ভাই-বোনের বসার সঠিক দিক ও শাস্ত্রীয় নিয়ম
বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ভাইফোঁটা ভাই-বোনের সম্পর্কের এক পবিত্র উৎসব। শাস্ত্রীয় ও বাস্তুশাস্ত্রীয় নিয়ম মেনে এই উৎসব পালন করলে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ফোঁটা নেওয়ার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে থাকা শুভ বলে গণ্য করা হয়, যা সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। অন্যদিকে, ফোঁটা দেওয়ার সময় বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে থাকা বাঞ্ছনীয়।
বাস্তুবিদদের মতে, পূর্ব দিক থেকে আসা ধনাত্মক শক্তি ভাই-বোনের আত্মিক সম্পর্কে শুভ প্রভাব ফেলে। যদি বাড়িতে ভাইফোঁটার জন্য বিশেষ কোনো প্রতিমার আরাধনা করা হয়, তবে তা উত্তর-পূর্ব কোণে স্থাপন করা বিধেয়। প্রাচীন রীতি মেনে আটা ও গোবর ব্যবহার করে মণ্ডপ বা পীঠ তৈরির ঐতিহ্যও রয়েছে। এই নিয়মগুলো মেনে চললে ঘরে শুভ শক্তির প্রবাহ বজায় থাকে বলে বিশ্বাস করা হয়।
কর্মসূত্রে বা অন্য কোনো কারণে যেসব ভাই বোনের থেকে দূরে থাকেন, তাঁদের জন্যও শাস্ত্রীয় বিধান রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, একটি জলছাড়া নারকেলের ওপর ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা যায়। পরবর্তীতে ভাইয়ের সঙ্গে দেখা হলে সেই তিলক তাঁর কপালে পরিয়ে দেওয়ার রীতি রয়েছে। চিরাচরিত মন্ত্র, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে সম্পন্ন হয় এই উৎসব। কপালে চন্দনের ফোঁটা, সুস্বাদু আহার এবং উপহার বিনিময়ের মাধ্যমে ভাই-বোনের পারস্পরিক ভালোবাসা আরও গভীর হয়।