২০ বছর ধরে ‘সিরিয়াল কিসার’ তকমা, আসল কারণ ফাঁস করলেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি দীর্ঘ দুই দশক ধরে ‘সিরিয়াল কিসার’ তকমা বহন করছেন। সম্প্রতি পুনেতে তাঁর আগামী ছবি ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই তকমা পাওয়ার নেপথ্যের কারণ জানালেন অভিনেতা। ইমরান জানান, অতীতে টিভিতে তাঁর সিনেমা চললে অভিভাবকরা বাচ্চাদের ঘুম পাড়াতে পাঠিয়ে দিতেন। এই বিশেষ পরিচিতির জন্য তিনি মজার ছলে ছবির পরিচালক আদিত্য দত্তকে দায়ী করেছেন।
দীর্ঘ ২১ বছর পর ‘আশিক বানায়া আপনে’ ছবির আইকনিক টিম আবারও এক হয়েছে। পরিচালক আদিত্য দত্ত, সুরকার হিমেশ রেশমিয়া এবং ইমরান হাশমি এই নতুন ছবির মাধ্যমে দর্শকদের সামনে ফিরছেন। ইমরান জানান, তাঁরা এমন একটি সিনেমা উপহার দিতে চেয়েছিলেন যা বড় পর্দায় দেখার মতো অভিজ্ঞতা তৈরি করবে। ‘গানমাস্টার জি৯’ একটি ভরপুর বাণিজ্যিক ও বিনোদনমূলক ছবি হিসেবে দর্শকদের মন জয় করবে বলে তিনি আশাবাদী।
ছবিটির শুটিংয়ের ক্ষেত্রে নির্মাতারা কোনো কৃত্রিম সেটের সাহায্য নেননি। হরিদ্বার, দেরাদুন এবং ঋষিকেশের বাস্তব লোকেশনে টানা ৬০ দিন ধরে এর শুটিং সম্পন্ন হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও স্থানীয়দের সহযোগিতায় কাজ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। অ্যাকশন, রোম্যান্স এবং থ্রিলারে ভরপুর এই ছবিটি আগামী ২৭ নভেম্বর, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নস্ট্যালজিয়া ও নতুনত্বের মিশেলে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।