পোড়া তেলে ভাজা খাবার কতটা ঝুঁকিপূর্ণ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত
রাস্তার ধারের মুখরোচক খাবার যেমন সিঙাড়া, পুরি বা সমুচা তৈরিতে বারবার ব্যবহৃত পোড়া তেলের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোজ্যতেল বারবার উচ্চ তাপমাত্রায় গরম করলে তার রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে ট্রান্স ফ্যাটে পরিণত হয়। এই প্রক্রিয়াটি তেলে অ্যালডিহাইডের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান তৈরি করে, যা মানবদেহের কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
চিকিৎসকদের মতে, পোড়া তেল শরীরে ধীর বিষক্রিয়ার মতো কাজ করে। দীর্ঘমেয়াদে এই তেল ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, লিভারের ক্ষতি এবং ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া বারবার ব্যবহৃত তেলে আগের রান্নার অদৃশ্য কণা থেকে যাওয়ায় খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় এবং রক্তনালিতে চর্বি জমার প্রবণতা তৈরি হয়, যা হার্ট ও ব্রেইনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।
তবে এই পোড়া তেলকে সম্পদ হিসেবে ব্যবহারের সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে এই ব্যবহৃত তেল সংগ্রহ করে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরি করা সম্ভব। এটি একদিকে যেমন পরিবেশ দূষণ কমায়, অন্যদিকে জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে। বর্তমানে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান ব্যবহৃত তেল সংগ্রহ করে বায়োডিজেল তৈরির কাজ করছে, যা পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বিদেশেও রপ্তানি করা হচ্ছে।