রয়্যাল এনফিল্ড আনছে শক্তিশালী হিমালয়ান ৭৫০, থাকছে ৭৪৩ সিসির ইঞ্জিন
রয়্যাল এনফিল্ড তাদের নতুন ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার বাইক ‘হিমালয়ান ৭৫০’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই বাইকে ব্যবহার করা হয়েছে ৭৪৩ সিসির শক্তিশালী প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৫৫ হর্সপাওয়ার শক্তি এবং ৬৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। দীর্ঘ দূরত্বের হাইওয়ে ভ্রমণ এবং দুর্গম পাহাড়ি রাস্তায় রাইডিংয়ের জন্য এতে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। বাইকটির ইঞ্জিনের বিশেষত্ব হলো, মাত্র ৩,৫০০ আরপিএম-এ ৯০ শতাংশ টর্ক পাওয়া সম্ভব, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
নিরাপত্তা ও রাইডিং ডাইনামিক্সের কথা মাথায় রেখে এতে ৪৩ মিমি-র শোয়া আপসাইড-ডাউন ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। রয়্যাল এনফিল্ডের এই প্রথম অ্যাডভেঞ্চার বাইকে সামনের চাকায় ডুয়াল ডিস্ক ব্রেক এবং পেছনে সিঙ্গেল ডিস্কের সঙ্গে সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল এবিএস যুক্ত করা হয়েছে। বাইকটিতে ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ১৭.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং পাঁচটি রাইডিং মোড—রোড, রোড স্পোর্ট, রেইন, ট্রেইল ও কাস্টম সুবিধা রয়েছে।
আধুনিক ফিচারের মধ্যে এতে ৪ ইঞ্চির গোল টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ফাস্ট চার্জিং সাপোর্টসহ ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। বাইকটি পাঁচটি ভিন্ন রঙে পাওয়া যাবে। আগামী ২৭ নভেম্বর ‘মোটোভার্স’ ইভেন্টে বাইকটির আনুষ্ঠানিক মূল্য ঘোষণা করা হতে পারে এবং একই দিন থেকে প্রি-বুকিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে এর দাম ৩.৭৯ লক্ষ থেকে ৪.৭৩ লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।