প্রথাগত চাষের বাইরে আয়ের নতুন পথ খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের কৃষিকে আরও লাভজনক করে তোলার লক্ষ্যে কৃষকদের প্রথাগত চাষের গণ্ডি পেরিয়ে নতুন ধারায় এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এক কৃষি সম্মেলনে তিনি জানান, বর্তমান বিশ্বের খাদ্যাভ্যাস, বাজারের চাহিদা ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কৃষিনীতি ও চাষের পদ্ধতিতে বদল আনা জরুরি। তিনি উল্লেখ করেন, গত এক দশকে ভারত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ায় বর্তমানে বছরে ৪ লক্ষ কোটি টাকারও বেশি কৃষিপণ্য বিদেশে রফতানি করা সম্ভব হচ্ছে, যার সুফল সরাসরি কৃষকদের আয়ের ওপর পড়ছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুধ, ডাল, পাট, চাল এবং মিলেট বা ‘শ্রীঅন্ন’ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এছাড়া গম, তুলো, ফল, সবজি ও মাছ উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে অবস্থান করছে। গত দশ বছরে দেশে দুধ উৎপাদন প্রায় ৭০ শতাংশ এবং ডিম উৎপাদন প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নীল বিপ্লবের হাত ধরে মাছ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে এবং মধু উৎপাদন বা ‘সুইট রেভলিউশন’-এর মাধ্যমে উৎপাদন ৮০ হাজার টন থেকে বেড়ে দেড় লক্ষ টনে পৌঁছেছে।
কৃষকদের সমৃদ্ধির জন্য আয়ের একাধিক উৎস তৈরির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী পশুপালন, মৎস্যচাষ, মৌমাছি পালন এবং উদ্যানপালনের মতো লাভজনক ক্ষেত্রগুলিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবুজ বিপ্লব ভারতকে খাদ্যশস্যে স্বনির্ভর করেছিল, আর এখন শ্বেত, নীল ও সুইট রেভলিউশনের মতো ক্ষেত্রগুলিকে কাজে লাগিয়ে কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজারেরও বেশি কৃষক, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন।