সাইবার হামলায় এআই-এর অপব্যবহার, বড় বিপদের সতর্কবার্তা গুগলের
গুগলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের কথা উঠে এসেছে। বিভিন্ন হ্যাকার গোষ্ঠী এখন সাইবার হামলার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি এবং একাধিক এআই এজেন্টের সমন্বয়ে তৈরি বিশেষ ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ডিজিটাল পরিকাঠামোয় হানা দেওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও বিপজ্জনক হয়ে উঠেছে। নিরাপত্তা সংস্থাগুলো যে সমস্ত সফটওয়্যার প্যাচ বা সিকিউরিটি আপডেট প্রকাশ করছে, তার ভেতরের দুর্বলতা খুঁজে বের করতেও হ্যাকাররা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইবার অপরাধীরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ব্যবহার করে হামলার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে এবং হামলার পরিসর বাড়িয়ে তুলছে। বিশেষ করে ARTEX, CAIRN, CyberStrikeAI এবং PentAGI-র মতো মাল্টি-এজেন্টভিত্তিক আক্রমণাত্মক ফ্রেমওয়ার্কের ব্যবহার এখন বহুগুণ বেড়েছে। এই ধরনের সিস্টেমে একাধিক এআই এজেন্ট নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেওয়ায় খুব কম সময়ে নিখুঁত ও মারাত্মক সাইবার হামলা চালানো সম্ভব হচ্ছে।
গবেষকদের অনুমান, আগামী এক থেকে তিন মাসের মধ্যে এই প্রযুক্তি আরও উন্নত পর্যায়ে পৌঁছাবে, যেখানে হ্যাকারদের ন্যূনতম হস্তক্ষেপে সাধারণ সাইবার হামলা চালানো সম্ভব হবে। পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং অত্যন্ত জটিল সাইবার হামলা চালাতে সক্ষম হবে এই এআই এজেন্টগুলো। বর্তমানে হ্যাকাররা মূলত ওপেন সোর্স এজেন্টিক পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্কে প্রবেশের পথ খুঁজছে, যা বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এক নজিরবিহীন সংকটের ইঙ্গিত দিচ্ছে।