শীতের সন্ধ্যায় বাড়িতেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইল বাঁধাকপির মাঞ্চুরিয়ান
শীতের মরশুমে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। সাধারণত বাঁধাকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের তরকারি তৈরি করে থাকি। তবে একঘেয়েমি কাটাতে এই সবজি দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায় রেস্তোরাঁ স্টাইলের সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান। অল্প কিছু উপকরণ ব্যবহার করেই এই পদটি তৈরি করা সম্ভব।
প্রথমে বাঁধাকপি ও গাজর মিহি করে কুচি করে নিতে হবে। এরপর একটি পাত্রে বাঁধাকপি কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা, ময়দা, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মেখে একটি নরম ডো তৈরি করে নিন। এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে তুলে রাখুন।
পরবর্তী ধাপে কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজপাতা, কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করুন। এরপর এতে চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনেগার, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সস তৈরি করে নিন। সস ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান।