১১ ডিসেম্বর বাজারে আসছে ফোক্সভাগেন ভার্টাস ফেসলিফট, জেনে নিন সম্ভাব্য ফিচার
আগামী ১১ ডিসেম্বর বাজারে আসতে চলেছে ফোক্সভাগেন ভার্টাস ফেসলিফট। ২০২২ সালে প্রথমবার বাজারে আসার পর এটিই এই সেডানের প্রথম বড় মিড-লাইফ আপডেট। নতুন মডেলে ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। টিজার অনুযায়ী, এতে এলইডি ফগ ল্যাম্পসহ নতুন ফ্রন্ট বাম্পার এবং ডায়মন্ড-প্যাটার্নের লোয়ার এয়ার ইনটেক দেখা যাবে। এছাড়া সামনের গ্রিলে সূক্ষ্ম পরিবর্তন এবং নতুন গ্লস-ব্ল্যাক অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে। ৩৬০-ডিগ্রি ক্যামেরার সুবিধার ইঙ্গিত হিসেবে এতে নতুন ফ্রন্ট পার্কিং সেন্সর ও বাম্পারে ক্যামেরা পড দেওয়া হয়েছে।
গাড়ির কেবিনের লেআউট বর্তমান মডেলের মতোই রাখা হলেও নতুন সিট ফেব্রিক ও ট্রিম ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং উন্নত ইন্টারফেসসহ ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে পারে। এসি ব্যবস্থার উন্নতির জন্য ভেরিয়েবল-জিওমেট্রি কম্প্রেসার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ১.০ লিটার ও ১.৫ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন বহাল রাখা হতে পারে। ১.০ লিটার সংস্করণে নতুন ৮-স্পিড টর্ক-কনভার্টার অটোমেটিক ও ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ১.৫ লিটার ইঞ্জিনে ৭-স্পিড ডিসিটি গিয়ারবক্সের বিকল্প থাকতে পারে।
নতুন এই ভার্টাস ফেসলিফটের দাম বর্তমান মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির সম্ভাব্য শুরুর দাম প্রায় ১০.৭৫ লক্ষ টাকা হতে পারে। বাজারে আসার পর এই সেডানটি স্কোডা স্লাভিয়া, হুন্ডাই ভার্না এবং হোন্ডা সিটির মতো জনপ্রিয় গাড়িগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। নতুন লুক ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে গাড়িটি গ্রাহকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।