এনএলএসআইইউ-তে ভর্তির আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত
ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ) ২০২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মার্চ ২০২৭ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট nlsatadmissions.nls.ac.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রবেশিকা পরীক্ষাটি আগামী ২৫ এপ্রিল ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। যারা নির্ধারিত সময়ের আগে আবেদন করবেন, তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাম্পল প্রশ্নপত্র প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজিত ওয়েবিনারেও অংশ নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা।
এনএলএসএটি ২০২৭-এর মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তিন বছরের বিএ অনার্স প্রোগ্রাম, যেখানে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা চাইলে রিসার্চ ট্র্যাকের আওতায় চতুর্থ বর্ষেও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এছাড়া স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন বছরের এলএলবি অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। কলা, বাণিজ্য বা বিজ্ঞান—যেকোনো শাখার শিক্ষার্থীরাই এই কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
স্নাতকোত্তর স্তরে দুই বছরের মাস্টার্স ইন পাবলিক পলিসি (এমপিপি) কোর্সটি আইন, সমাজবিজ্ঞান ও সরকারি নীতি সংক্রান্ত বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। পাশাপাশি গবেষণায় আগ্রহী প্রার্থীদের জন্য পিএইচডি ইন ল এবং পিএইচডি ইন সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিজ অ্যান্ড পাবলিক পলিসি প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। এই কোর্সে গবেষণার পাশাপাশি শিক্ষকতা ও বিভিন্ন গবেষণা প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগও পাবেন শিক্ষার্থীরা।