টলিউডে শোকের ছায়া, প্রয়াত হলেন প্রখ্যাত পরিচালক অমল ঘটক রায়!

 

প্রয়াত পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক

নিজস্ব প্রতিবেদন: বাংলা চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রয়াত হলেন বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই, বিশিষ্ট বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ও ভিন্নধারার ছবির মেলবন্ধনে এক স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অমল রায় ঘটক। তৎকালীন টলিউডে যখন অ্যাকশন ও গতানুগতিক ছবির দাপট ছিল, সেই সময়ে তিনি মননশীল গল্প এবং পারিবারিক আবেগকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তাঁর পরিচালিত ছবিতে বড় পর্দার তারকাদের পাশাপাশি ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের সমান গুরুত্ব দেওয়ার বিষয়টি সে সময় বিশেষ প্রশংসা অর্জন করেছিল।

অমল রায় ঘটকের পরিচালিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে একাধিক স্মরণীয় কাজ। সুপ্রিয়া দেবী, রূপা গঙ্গোপাধ্যায় ও দোলন রায় অভিনীত প্রশংসিত ছবি ‘উজান’ তাঁর অন্যতম সেরা কীর্তি। এছাড়াও লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাচের পৃথিবী’, তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’-এর মতো জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্য়ায় অভিনীত ‘মানসী’ এবং মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল ও সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্য তাঁরই কলমে লেখা। বিশেষত, ‘ব্যবধান’ ছবির জন্য আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া গানটি আজও সমাদৃত।

দীর্ঘ কর্মজীবনে তিনি তপন সিংহ, অরুন্ধতী দেবী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছিলেন। পরিচালক অঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে টলিউড এক খাঁটি শিল্পমনস্ক মানুষকে হারাল, তবে তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকালীন দলিল হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *