৮ বছর পর বিস্ফোরক উসমান খোয়াজা, বল টেম্পারিং নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব!
বল টেম্পারিং কাণ্ডে নতুন বিতর্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন উসমান খোয়াজা
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা। আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া তাঁর আত্মজীবনী ‘সবর’-এ খোয়াজা দাবি করেছেন, কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথে খেলা দ্বিতীয় টেস্ট থেকেই বল টেম্পারিং শুরু হয়েছিল। সেইসঙ্গে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউল্যান্ডস টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে বল ঘষার জন্য স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা গিয়েছিল। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া সেই ঘটনার জেরে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল, যা ২০২৪ সালে প্রত্যাহার করা হয়।
খোয়াজার অভিযোগ, কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশেই বসে থাকার পরেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকারীরা তাঁর কোনো সাক্ষাৎকার নেননি। তিনি বলেন, “ওই ঘটনার জন্য শুধু তিনজন খেলোয়াড় নয়, পুরো দলই দায়ী ছিল। তদন্তকারীরা আমাদের কারও সঙ্গেই কথা বলেননি।” তিনি আরও জানান, ঘটনার পর তিনি ড্রেসিংরুমে সতীর্থদের সম্মিলিতভাবে দায়ভার নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবায়ন হয়নি।
এর আগে ২০২১ সালেও বল টেম্পারিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে সময় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন একটি যৌথ বিবৃতিতে বল বিকৃত করার জন্য কোনো বহিরাগত বস্তু ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছিলেন।
এদিকে, খোয়াজার এই চাঞ্চল্যকর মন্তব্যের পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অবস্থানে অনড়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের তদন্তে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, তা প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সঠিক ছিল এবং বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল।