ভাইফোঁটায় চেনা কাতলায় আনুন নতুন স্বাদ, জিভে জল আনা এই রেসিপিটি একবার ট্রাই করুন!

 

উৎসবের পাতে নতুনত্ব: চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু ‘লেবু পোস্ত কাতলা’

নিজস্ব প্রতিবেদক: মাছপ্রিয় বাঙালির পাতে নতুনত্বের স্বাদ আনতে উৎসবের মরশুমে দারুণ জনপ্রিয় হতে পারে ‘লেবু পোস্ত কাতলা’। অত্যন্ত সহজ পদ্ধতি ও সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করা যায় এই সুস্বাদু পদটি। নিচে এর বিস্তারিত প্রণালী দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:
কাতলা মাছ (৪ টুকরো), পোস্ত বাটা (৩-৪ টেবিল চামচ), রসুন কুচি (১-২ চামচ), চেরা কাঁচা লঙ্কা (৪-৫টি), পেঁয়াজ কুচি (একটি বড়), গন্ধরাজ লেবুর রস (২ চামচ), লেবুর জেস্ট বা খোসা কুরানো, গন্ধরাজ লেবুর পাতা (২টি), কালো জিরে (হাফ চা চামচ), হলুদ গুঁড়ো (হাফ চা চামচ), নুন ও চিনি (স্বাদমতো) এবং সর্ষের তেল (পরিমাণমতো)।

প্রস্তুত প্রণালী:
প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে তাতে সামান্য নুন, হলুদ ও কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন।

ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম ও হালকা সোনালী রঙের হয়ে এলে তাতে রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর পোস্ত বাটা দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা কষে এলে সামান্য জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। শেষে স্বাদমতো নুন, চিনি, লেবুর রস, গ্রেট করা লেবুর জেস্ট এবং গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঢাকা রেখে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু লেবু পোস্ত কাতলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *